ঘূর্ণিঝড় ‘হুদহুদ’ তীব্র আকার ধারন করে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের দিকে ধেয়ে আসছে। রোববার দুপুরের দিকে অন্ধ্র প্রদেশে আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। উপকূলবর্তী জেলাগুলোতে এরইমধ্যে সবোর্চ্চ সতকর্তা জারি করা হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হুদহুদ’ ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগে প্রথমে বিশাখাপত্তমে আঘাত হানতে পারে। শনিবার সকাল থেকেই সাগর প্রচণ্ড উত্তাল হয়ে উঠেছে এবং এটি রোববার সকালে আরো তীব্রতর হবে। পূর্ব সতর্কতা হিসেবে আগমীকাল সকাল ৬টা থেকে ভুবনেশ্বর-বিশাখাপত্তম রুটে ৩৮টি ট্রেন সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব উপকূলীয় রেলওয়ে।
এছাড়া, ভারি বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসে সড়ক-রেল পথ এবং বিদ্যুত ও টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড়ের প্রভাবে নিচু এলাকাগুলোতে ২ মিটার উচ্চতার বন্যা দেখা দিতে পারে।
এরইমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতো ২৫টি উদ্ধারকারীদল মোতায়েন করা হয়েছে।