কানাডার রাজধানী অটোয়ায় পার্লামেন্ট ভবনে হামলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বন্দুকধারীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ। ধর্মান্তরিত মুসলিম মাইকেল জেহাফ-বিবু সিরিয়া যেতে চেয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, বিবু মাদক চোরাচালান, ডাকাতি ও ভয়-ভীতি প্রদর্শনের দায়ে একাধিকবার কারাভোগ করেছেন। সন্দেহভাজন জঙ্গি হিসেবে তার পাসপোর্ট জব্দও করা হয়েছিল। তবে সিরিয়া যাওয়ার উদ্দেশ্য আবারো পাসপোর্টের আবেদন করেছিলেন তিনি।
এদিকে, বন্দুকধারীর হামলার পর বৃহস্পতিবার পার্লামেন্ট অধিবেশনে ভাষণে প্রধানমন্ত্রী স্টিফেন হারপার বলেন, সরকারকে আরো বেশি সতর্ক ও বিচক্ষণ হতে হবে, তবে ভয় পেলে চলবে না। বুধবারের ওই ঘটনায় এক সেনা ও এক হামলাকারী নিহত হয়।
এ মাসের শুরুতে ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে লড়াইয়ে অংশ নেওয়ার ঘোষণার কারণেই কানাডায় এ ধরনের হামলা হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।