নাইন-ইলেভেনের (২০০১ সালের) সন্ত্রাসী হামলার দীর্ঘ ১৩ বছর পর আবারও চালু হলো নিইউইর্য়কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। স্থানীয় সময় সোমবার বাণিজ্যিক কাজের জন্য খুলে দেয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ এ বহুতল ভবন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আবার চালু হওয়াকে যুক্তরাষ্ট্রের জন্য আবেগময় মাইলফলক হিসেবে দেখছেন মার্কিনীরা।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসীদের ভয়াবহ বিমান হামলায় বিধ্বস্ত হয় নিউইয়র্কের টুইন টায়ার খ্যাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এতে নিহত হয় প্রায় ৩ হাজার মানুষ। আহত হয় ৬ হাজারের বেশি। ক্ষতি হয় প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ ও অবকাঠামো।
নিহতদের প্রতি শ্রদ্ধা ও এ হামলাকে স্মরণে রাখতে বিধ্বস্ত ওই জায়গায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পুননির্মাণ শুরু করে মার্কিন সরকার। ১৬ একর জমিতে ৩৯০ কোটি ডলার ব্যয়ে ৮ বছর ধরে চলে এর নির্মাণকাজ। তবে আগের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুই ভবনের পরিবর্তে নতুন এই বিশ্ব বাণিজ্য কেন্দ্রের ভবন একটি।
স্থানীয় সময় সোমবার আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক কার্যক্রমের জন্য খুলে দেয়া হয়েছে ১০৪ তলার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। প্রকাশনা সংস্থা কোন্ডে ন্যাস্টের অফিস চালুর মাধ্যমে উদ্বোধন হলো এর যাত্রা। সেখানে তাদের কর্মচারীরা আসা-যাওয়া শুরু করেছেন। এ পর্যন্ত ভবনটির ৬০ শতাংশ লিজ দেয়া হয়েছে। বাকি ৭ হাজার ৪০০ বর্গমিটার শিগগিরই বন্দোবস্ত নেবে আরো কয়েকটি প্রতিষ্ঠান।
নবনির্মিত এই আকাশচুম্বী ভবনটি নিউইয়র্কের ম্যানহাটন স্কাইলাইনকেও ছাড়িয়ে গেছে। এটি এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু ভবন। এর সঙ্গেই থাকছে নাইন-ইলেভেনে নিহতদের স্মরণে স্মৃতিসৌধ ও জাদুঘর। এছাড়া সবাই যাতে ভবনের ছাদে উঠে নিউইয়র্ক শহরের সৌন্দর্য উপভোগ করতে পারেন সে ব্যবস্থাও রাখা হয়েছে।