জেরুসালেমের পবিত্র আল-আকসা মসজিদ কম্পাউন্ডে বুধবার ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিবিসি সূত্র মতে, উগ্রপন্থী ইহুদি গ্রুপ এক ঝটিকা সফরে পবিত্র এ স্থানটিতে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের ধস্তাধস্তির ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়। এদিকে, এ ঘটনার পরপরই পশ্চিম জেরুজালেমে ট্রেনের জন্য অপেক্ষমান যাত্রীদের ওপর একটি ট্রাক তুলে দিলে ৩ জন গুরুতর আহত হন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে ওই ট্রাক চালক নিহত হয়েছেন।
পুলিশের মুখপাত্র ঘটনাটিকে ‘সন্দেহভাজন সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে। ঘটনাদুটির জের ধরে ধর্মানুরাগীদের জন্য টেম্পল মাউন্ট বা হারাম আল শরিফ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়া হয়।
সম্প্রতি এক অস্ত্রধারীর গুলিতে এক ইহুদির নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে পূর্ব জেরুজালেমে উত্তেজনা দেখা দিলে আল-আকসা মসজিদ বন্ধ করে দেয় ইসরায়েল।