ভারতের ছত্তিশগড়ে জন্মনিয়ন্ত্রণ শিবিরে অস্ত্রপচারের পর ১১ নারীর মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী রমন সিং ও স্বাস্থ্যমন্ত্রী অমর আগারওয়ালের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার রাজ্যজুড়ে বনধ ডেকেছে কংগ্রেস।
ছত্তিশগড়ের বিলাসপুরে সরকারি জন্মনিয়ন্ত্রণ শিবিরে অস্ত্রোপচারের পর মঙ্গলবার ১১ নারীর মৃত্যু হয়। গুরুতর অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ৭২ নারী।
ঘটনার জের ধরে এরইমধ্যে কর্তব্যরত ৪ চিকিৎসককে বরখাস্ত ও স্বাস্থ্য পরিসেবা সংক্রান্ত এক পরিচালককে চাকরিচ্যুত করা হয়েছে। মিয়ানমার সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এক বিবৃতিতে, চিকিৎসায় গাফিলতি ও ভুল পদ্ধতিতে অস্ত্রপচারের কারণে মৃত্যুতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধিও।