ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের অভিযানে কিছুটা পিছু হটলেও ইসলামিক স্টেট জঙ্গিদের হাত থেকে রেহাই পাচ্ছে না বেসামরিক নাগরিক ও ত্রাণকর্মীরা।
নিজেদের দখল কায়েম করতে সেসব জায়গায় গণহত্যা, শিরশ্ছেদ ও অকথ্য নির্যাতন চালানো অব্যাহত রেখেছে এসব জঙ্গি।
তবে তাদের প্রতিহত করতে ইরাকের আনবার প্রদেশে সেনাদের পরামর্শ দিয়ে সাহায্য করছে মার্কিন সামরিক উপদেষ্টারা। সেখানকার আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে প্রাথমিকভাবে অবস্থান করছে এ ছোট উপদেষ্টা দলটি।
এদিকে, ইসলামিক স্টেট জঙ্গিদের হাতে মার্কিন ত্রাণকর্মী আবদুল রহমান কাসিগের নিহত হবার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামা। নারকীয় এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জঙ্গিরা পুরোপুরি অনৈতিক কাজ করেছে বলে মন্তব্য করেন তিনি।
কাসিগকে নিয়ে এ পর্যন্ত ৫ জন পশ্চিমা নাগরিককে হত্যা করলো আইএস।