সারদা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ প্রমাণ করতে পারলে নিজের পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মঙ্গলবার স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
মমতা বলেন, সারদা কেলেঙ্কারি ইস্যুতে তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ পুরোপুরিই মিথ্যে। যদি এসব অভিযোগ কেউ প্রমাণ করতে পারে তাহলে পদত্যাগ করবো।
এদিকে, সারদা গোষ্ঠির কাছ থেকে প্রত্যক্ষ সুবিধা যিনি সবচেয়ে বেশি পেয়েছেন তার নাম মমতা বন্দোপাধ্যায়—এমনও অভিযোগ খোদ তার দলের বরখাস্ত হওয়া কারাবন্দি সাংসদ কুণাল ঘোষের।
এরই পরিপ্রেক্ষিতে সারদাকাণ্ডের জট খুলতে রাজ্যের প্রভাবশালী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। এরইমধ্যে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী মদন মিত্র ও রাজ্যসভায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাংসদ সৃঞ্জয় বোসকে তলব করা হয়েছে।
তালিকায় আরো রয়েছেন, বস্ত্রমন্ত্রী শ্যামাপদ মুখার্জী, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, আসামের প্রাক্তন মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, মাতং সিং ও মনোরঞ্জনা সিং।
এছাড়াও রাজ্যের আরো দুই রাজনীতিক কংগ্রেস নেতা সৌমেন মিত্র ও সিপিআইএম নেতা অসীম দাশগুপ্তকে তলব করবে বলে সিবিআইয়ের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
উল্লেখ, অধিক মুনাফার দেয়ার ফাঁদ পেতে ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীর কোটি কোটি টাকা সংগ্রহ করে গড়া হয় সারদা তহবিল। পরে প্রতিষ্ঠানটি গ্রাহকের টাকা মেরে দেয় বলে অভিযোগ ওঠে কয়েকজন বিশিষ্ট ব্যক্তির দিকে।