অভিবাসন নীতি সংস্কারে কংগ্রেস কোনো উদ্যোগ না নেয়ায় প্রেসিডেন্ট বারাক ওবামার কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাহী ক্ষমতাবলে আনা নতুন অভিবাসন নীতিমালায় বৈধতা পেতে যাচ্ছেন ৫০ লাখ অবৈধ অভিবাসী।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জাতির উদ্দেশে এক টেলিভিশন ভাষণে তাদের বৈধতার ঘোষণা দেন। কংগ্রেসে রিপাবলিকানদের বিরোধিতার মধ্যেই ওবামার এ ঘোষণা এলো।
রিপাবলিকানদের তীব্র বাধা উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাহী ক্ষমতা ব্যবহার করে অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছেন বারাক ওবামা। ফলে অবৈধভাবে বসবাস করছিলেন এমন প্রায় ৫০ লাখ অভিসাবাসী যুক্তরাষ্ট্রে থাকার ও কাজের সুযোগ পাবেন।
হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেয়া ভাষণে ওবামা বলেন, অভিবাসীদের আড়াল থেকে বেরিয়ে এসে আইনগত অধিকার অর্জন করতে হবে।
তিনি বলেন, যারা যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৫ বছর ধরে বসবাস করছে, সন্তানরা স্কুলে পড়াশোনা করছে ও অপরাধের কোনো রেকর্ড নেই এমন ৪০ লাখ মানুষ দেশটিতে বৈধভাবে কাজ করার অনুমতি পাবে।
এছাড়া অপ্রাপ্ত বয়সে যুক্তরাষ্ট্রে আসা আরো ১০ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেয়া হচ্ছে। তবে তারা মার্কিন অভিবাসন প্রক্রিয়ায় গ্রিন কার্ড বা নাগরিকত্ব পাবেন না বলেও জানান ওবামা।
নির্বাহী আদেশে সীমান্ত নিরাপত্তা আরো জোরদার করতে পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার চেষ্টা করবে তাদের আটক করে দেশে ফেরত পাঠানো হবে।
ভাষণে কংগ্রেসের প্রতি শিগগিরই অভিবাসন ব্যবস্থা সংস্কারে আইন প্রণয়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, অবৈধ অভিবাসীরা যাতে প্রকাশ্যে কর্মজীবনে আসতে পারে এবং সুনাগরিক হিসেবে বসবাস করতে পারে সে জন্যই তার নির্বাহী আদেশ।
এদিকে, রিপাবলিকানরা বলছেন, কংগ্রেসকে পাশ কাটিয়ে এ ঘোষণা দেয়া এখতিয়ার প্রেসিডেন্টের নেই। তার সিদ্ধান্ত পরিস্থিতিকে আরো তিক্ত করবে।