যুক্তরাষ্ট্রের ফার্গুসনে কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যার দায় থেকে এক শেতাঙ্গ পুলিশকে অব্যাহতি দেয়ায় তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। তবে ফার্গুসন ছাড়াও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ফিলাডেলফিয়া, সিয়াটল, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের ১২টি শহরে।
সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ৪ শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সময় বুধবার ফার্গুসনের শহরতলি সেন্ট লুইসের সিটি হলের সামনে জড়ো হয় দুই শতাধিক বিক্ষোভকারী। এসময় কিছু বিক্ষোভকারী ভবনটির দিকে ইট ছুঁড়লে পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ে এবং ৪৪ জনকে গ্রেপ্তার করে। এছাড়াও ওকল্যান্ড ও ক্যালিফোর্নিয়ায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে ক্ষুব্ধ জনতা।
অন্যদিকে, বিশৃঙ্খল আচরণের কারণে শুধুমাত্র লস অ্যাঞ্জেলেস থেকেই গ্রেপ্তার হয়েছে ১৩০ বিক্ষোভকারীকে। বস্টন, আটলান্টা ও নিউইয়র্ক থেকেও বেশ কিছু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে, কৃষ্ণাঙ্গ কিশোর হত্যার ঘটনায় নতুন করে গ্র্যান্ড জুরি দেয়ার জন্য বিক্ষোভকারীদের আহ্বান প্রত্যাখান করেছেন মিসৌরি অঙ্গরাজ্যের গভর্ণর।