নাইজেরিয়ার কানো শহরের প্রধান মসজিদে বোমা হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছে। শুক্রবারের জুমার নামাজের সময় দু’জন আত্মঘাতী বোমা হামলাকারী এবং বন্দুকধারীরা এ হামলা চালায়।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
এ ভয়াবহ বোমা হামলা থেকে বাঁচতে যারা পালিয়ে যাবার চেষ্টা করছিল তাদের উপর গুলি চালায় বন্দুকধারীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেশকিছু মানুষ মারা গেছেন, অনেকে আহত হয়েছেন। আমরা জানি না কি ঘটছিল। প্রথমে বিস্ফোরণের শব্দ শুনেছি আর তারপর বন্দুকের গুলির আওয়াজ।
পুলিশ এতে প্রাণহানির সংখ্যা ৩৫ বললেও ঘটনাস্থলে থাকা সংবাদদাতারা জানান, মৃতের সংখ্যা আরও বেশি।
হামলার সময় ওই মসজিদে থাকা সাংবাদিক মোহাম্মাদ বেলো জানান, জুমার নামাজের সময় একজন আত্মঘাতী বোমা হামলাকারী মসজিদে ঢুকে পড়ার চেষ্টা করে আর তখনই কিছু লোক এ অস্বাভাবিক ব্যাপারটা লক্ষ্য করে। তারা যখন তাকে মসজিদে ঢুকতে বাধা দিচ্ছিল, তখনই প্রথম বোমাটি বিস্ফোরিত হয়।
ধারনা করা হচ্ছে, বোকো হারাম জঙ্গিরাই হামলাটি চালিয়েছে।
মসজিদটি কানো শহরের আমীর মোহাম্মাদ সানুসির প্রাসাদ সংলগ্ন, যিনি গত সপ্তাহেই জনগণের প্রতি বোকো হারামকে প্রতিহত করবার ডাক দিয়েছিলেন।
এদিকে, দেশটির উত্তরাঞ্চলীয় শহর মাইদুগুরির একটি মসজিদ ও স্থানীয় বাজারে পেতে রাখা ছয়টি বোমা নিষ্ক্রিয় করে আরও হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ।
সূত্র: বিবিসি