ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান বিস্ফোরণের ঘটনায় অন্যতম সন্দেহভাজন জঙ্গি শাহনূর আলমকে জেরা করে আরও তথ্য পেতে দিল্লি ও কলকাতা থেকে দেশটির জাতীয় তদন্ত সংস্থা-এনআইএ এবং ইনটেলিজেন্স ব্যুরো- আইবি'র কর্মকর্তারা আসামের গুয়াহাটি পৌঁছেছেন।
এর আগে শুক্রবার আসাম থেকে শাহনূরকে গ্রেপ্তারের পর তাকে ১৪ দিনের পুলিশ হেফাজতে নেয় গুয়াহাটি পুলিশ। আদালত শাহনূরকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিলে এনআইএ তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে যাওয়ার আবেদন জানাতে পারে।
এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা এবং অভ্যুত্থানের মাধ্যমে বৃহত্তর ইসলামিক বাংলাদেশ গড়ার ষড়যন্ত্র করেছিল জামাতুল মুজাহিদিন -জেএমবি এমন তথ্য বেরিয়ে এসেছে শাহনূরকে আটকের পর।
জানা গেছে আসামের জঙ্গি সংগঠনে তার অবস্থান ছিল ৩ নম্বরে। তার উপরে আরো দু'জনের মধ্যে একজন বাংলাদেশের নাগরিক, তবে দীর্ঘদিন ধরে আসামে রয়েছেন। অন্যজন আসামেরই বাসিন্দা।