সৌদি আরবে আজান দিতে দেরি করায় এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় গুলিতে আহত হয়েছেন আরেক ভারতীয়।
দেশটির রাজধানী রিয়াদের কাছে মাজদাহ জেলায় গত রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার আরব নিউজে প্রকাশিত এক খবরে বলা হয়, নিহত বাংলাদেশি মোহাম্মদ রফিক তাজুল ইসলাম মাঝে মাঝে মুয়াজ্জিনের হয়ে আজান দেয়ার কাজ করতেন। ঘটনার দিন আসরের নামাজের আজান দিতে দেরি হওয়ায় সৌদি মুয়াজ্জিন ক্ষুব্ধ হয়ে তাকে গুলি করে। এ সময় একজন ভারতীয় কর্মীর গায়েও দুটি গুলি লাগে।
স্থানীয়দের কাছ থেকে টেলিফোনে খবর পেয়ে অরতাইওয়ার একটি মসজিদ থেকে তাজুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই মুয়াজ্জিনকে গ্রেপ্তার করা হয়।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস জানায়, নিহত বাংলাদেশির বাড়ি শরীয়তপুর জেলার খোলাপাড়ায়। এ ঘটনায় আইনি পদক্ষেপের বিষয়ে আলোচনা চলছে বলেও জানিয়েছে বাংলাদেশি দূতাবাস।