কার্বন নিঃসরণ কমাতে পেরুর রাজধানী লিমায় জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের শেষ দিনেও দীর্ঘ মেয়াদী পরিকল্পনার বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি বিশ্ব নেতারা।
লিমায় জলবায়ু সম্মেলনে ১৯৫ দেশের কর্মকর্তারা দীর্ঘ ১১ দিন ধরে আলোচনা করেছেন। শুক্রবার সম্মেলনের শেষ দিন তাদের লক্ষ্য ছিল আগামী বছরের শেষে প্যারিসে অনুষ্ঠেয় সম্মেলনে একটি খসড়া তৈরি করা। তবে কার্বন নিঃসরণ কমানো নিয়ে ধনী ও গরীব দেশগুলোর বিভেদ এ প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সতর্ক করে বলেন, ধনী-গরীব বিভাজন থাকায় জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব।
কার্বন নির্গমন কমানো সবার দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি কঠিন হবে। তবে মনে রাখতে হবে, বর্তমানে অর্ধেকের বেশি কার্বন উন্নয়নশীল দেশগুলো থেকেই নিঃসরিত হয়। (সূত্র : বিবিসি)