আন্তর্জাতিক

স্কুল হত্যাযজ্ঞ: পাকিস্তানে চলছে শোকের মাতম

পাকিস্তান
পাকিস্তান

পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তেহরিক-ই-তালেবান জঙ্গিদের হামলায় স্কুল শিক্ষার্থীসহ ১৪১ জন নিহতের ঘটনায় তিন দিনের শোক পালন করছে গোটা দেশ।

এরইমধ্যে নিহতদের অনেকেরই দাফন সম্পন্ন হয়েছে। হাসপাতালগুলোয় ভিড় করছেন আহত শিক্ষার্থীদের স্বজনরা। নিহতদের বেশিরভাগেরই মাথায় গুলি করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, জঙ্গিবাদ দমনে করণীয় ঠিক করতে বুধবার পার্লামেন্টের সকল রাজনৈতিক দলের সদস্যদের বৈঠকে ডেকেছেন প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ। এ বৈঠকে সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানানো হবে।

পাকিস্তানে তালেবানদের নিরীহ মানুষ হত্যা প্রায় প্রতিদিনের খবর। লোকালয়, বাজার, চার্চ এমনকি মসজিদে বোমা ফাটিয়ে নিরপরাধ মানুষ হত্যা করে তালেবানরা।

তাদের হাত থেকে রেহাই পাচ্ছেনা স্কুলের শিশুরাও। মালালার ঘটনা সবারই জানা। লেখাপড়া করতে চায়, এ অপরাধে ২০০৭ সালে দেশটির সোয়াত ভ্যালিতে তালেবান হামলার শিকার হন মালালা ইউসুফজাই। মাথায় গুলি লাগার পরও অলৌকিকভাবে বেঁচে যান তিনি। নারী শিক্ষা আন্দোলনে অগ্রণী ভূমিকার জন্য এবার শান্তিতে নোবেল পেলেন মালালা।

এবার পেশোয়ারে স্কুলের ঘটনা যেন হার মানালো সব নির্মমতাকে। তালেবানদের বর্বরতায় নিভে গেলো ১৩২টি শিশুসহ ১৪১ জনের জীবন। যারা বেঁচে গেল তাদের সারাজীবন তাড়িয়ে বেড়াবে ধর্মের নামে এই বর্বরতার দুঃসহ স্মৃতি।

বেঞ্চের নীচে লুকিয়েও রেহাই পায়নি তারা। আল্লাহু আকবার' বলে গুলি চালাতে থাকে জঙ্গিরা।

হাসপাতালের শয্যায় শুয়ে দুই পায়ে গুলিবিদ্ধ এক শিক্ষার্থী সংবাদ মাধ্যমের কাছে বর্ণনা দিয়েছে সেই বিভীষিকাময় মুহুর্তগুলোর। দুই পায়েই হাঁটুর নিচে গুলি লাগায় খুব যন্ত্রণা হচ্ছিল তার। তবু জীবন বাঁচাতে মারা যাওয়ার অভিনয় করে বেঁচে যায় সে। গুলিবিদ্ধ অবস্থায় পালাতে গিয়ে জ্ঞান হারায়। এর আগে দেখেছে সতীর্থদের অনেক মৃতদেহ। দেখেছে রক্ত ঝরছে এমন অবস্থায় স্কুলের এক মহিলা অফিস কর্মীর গায়ে আগুন জ্বলতে।

এই আহত স্কুল বালকের মতো আরো ১৩১ শিক্ষার্থীর অনেকেই এখন লড়ছে মৃত্যুর সঙ্গে। এদিকে স্কুল শেষে সন্তানকে নিয়ে যেতেন যে বাবা সেই বাবাকে নিতে হলো ১৪ বছরের আবদুল্লাহর মরদেহ।

কেন এই মৃত্যু? কেন এই রক্তপাত? কেন জঙ্গিদের এই রক্ত পিপাসা?

গতকাল (মঙ্গলবার) দেশটির পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবান জঙ্গিরা হামলা চালায়। এতে ১৩২ স্কুল শিক্ষার্থীসহ ১৪১ জন নিহত হয়।

জঙ্গি সংগঠনটির এক মুখপাত্র জানিয়েছেন, তালেবানদের পরিবারের সদস্যদের টার্গেট করে সেনাবাহিনীর অভিযানের প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ