৫০ বছরের বেশি সময় পর কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও কিউবা। এ জন্য শিগগিরই আলোচনা শুরু করবে দুই দেশ।
বুধবার এ বিষয়ে কথা বলেছেন প্রেসিডেন্ট ওবামা ও প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। এ সময় তারা বন্দি বিনিময় ও ভ্রমণের কড়াকড়ি শিথিল করাসহ বেশ কিছু বিষয়ে একমত হন।
ওবামা বলেন, দু'দেশের মধ্যকার সম্পর্ক স্বভাবিক করতে চায় ওয়াশিংটন। অতীতের সকল শৃঙ্খল ছিড়ে ফেলতে চায় যুক্তরাষ্ট্র, যা দুই দেশের জনগণের সুন্দর ভবিষ্যতের জন্য তা জরুরি।
নতুন করে কূটনৈতিক সম্পর্ক শুরুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। ওবামার সঙ্গে আলোচনায় কিউবার ওপর থেকে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও আহ্বান জানান তিনি।
এদিকে, যুক্তরাষ্ট্র ও কিউবার সম্পর্ক পুন:প্রতিষ্ঠার এ উদ্যোগকে ঐতিহাসিক উল্লেখ করে স্বাগত জানিয়েছেন লাতিন আমেরিকা ও ইউরোপের নেতারা।