সনি পিকচার্সে সাইবার হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে তদন্ত করার প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া। একইসঙ্গে এই হামলার পিছনে উত্তর কোরিয়া দায়ী-যুক্তরাষ্ট্রের এমন অভিযোগকে কঠোর ভাবে নাকচ করে দিয়েছে দেশটি।
বিবিসি সূত্র মতে, উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র সরকারের প্রতি অভিযোগ ছুড়ে বলেছে, ভিত্তি ছাড়াই যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ ছড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের এ অভিযোগ তদন্তের মাধ্যমে খন্ডন করা হবে বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
গত ২২ নভেম্বর সনি কম্পিউটার সিস্টেমে সাইবার হামলা হয়। এ কারণে সনি পিকচার্স ক্রিসমাস ডে'তে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ওপর নির্মিত চলচ্চিত্র 'দ্য ইন্টারভিউ'য়ের প্রদর্শনী বাতিল করে।
এদিকে, হামলাকারীদের অভিযোগ ওই চলচ্চিত্রে কিম জং উনকে বিদ্রুপ করা হয়েছে। এ ঘটনায় উত্তর কোরিয়াকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, সনি পিকচার্সের ওপর সাইবার হামলার জবাব দিবে যুক্তরাষ্ট্র।