পাকিস্তানের পেশোয়ারে স্কুলে হত্যাযজ্ঞে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি গোয়েন্দাদের তথ্য অনুসারে জঙ্গিরা এ মূহুর্তে নতুন করে আরেকটি হামলার প্রস্তুতি নিচ্ছে- বলে জানালেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলি খান।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা পেশোয়ার স্কুলে হামলায় সহযোগিতা করেছিল। তবে কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে কিংবা তাদের নাম পরিচয় এখনই প্রকাশ করা সম্ভব নয়।
চৌধুরী নিসার আরো বলেন, জঙ্গিদের তৎপরতা বন্ধে দেশব্যাপী ৪ হাজার গোয়েন্দা ভিত্তিক অভিযান চালানো হচ্ছে। ৩ বছর পর পাকিস্তানের লাল মসজিদের ইমাম মাওলান আবদুল আজিজের সরকারি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে বললেন তিনি।
এদিকে, স্থানীয় গণমাধ্যম ডন জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে পাকিস্তানের আরো ৫৫ জঙ্গির ফাঁসির কার্যকর হতে যাচ্ছে। দেশটিতে মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ প্রত্যাহারের পর গত কয়েকদিনে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৬ জনকে ফাঁসি দেয়া হয়।