ভারতের আসামে ৮৩ আদিবাসীকে হত্যার ঘটনায় বোড়ো বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করেছে আসাম রাইফেলস, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, রাজ্য পুলিশ এবং সেনাবাহিনী। আসামের অরুণাচল প্রদেশে সকাল থেকে এ অভিযান শুরু হয়েছে।
গতকাল রাতেও বোড়ো জঙ্গিরা শোণিতপুর জেলার বালিডাঙ্গায় আদিবাসীদের ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দেয়। এরইমধ্যে ভয়ে আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়েছে হাজার হাজার মানুষ। মঙ্গলবার হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে। ঘটনার প্রতিবাদে কোকরাঝাড়ে বিক্ষুব্ধ আদিবাসী রেলযোগাযোগ বন্ধ করে দিয়েছে।
মঙ্গলবারের হামলায় সেখানে কমপক্ষে ৪২ আদিবাসীকে হত্যা করা হয়েছে। কোকরাঝাড় ও এর আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন বহাল রয়েছে। সেইসঙ্গে শোণিতপুর, বকসা ও চিড়াং এলাকায় নিষেধাজ্ঞা চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, দেশটির জাতীয় তদন্ত সংস্থা আদিবাসী চা শ্রমিকদের হত্যার ঘটনাটি তদন্ত করবে। (সূত্র : বিবিসি)