পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান ও উত্তর পশ্চিমাঞ্চলীয় আদিবাসী এলাকায় সেনা ও নিরাপত্তা বাহিনীর অভিযানে সন্দেহভাজন ৩৫ জঙ্গি নিহত হয়েছেন।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াজিরিস্তানের মাদাখেল, লাটাক এবং বাসিকেল এলাকায় বিমান হামলা চালিয়ে ৬টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। এতে কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডারসহ ২৩ জঙ্গি নিহত হয়েছেন।
দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে আদিবাসী অধ্যুষিত এলাকা ওরাকজাইয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় কমপক্ষে ১২ জঙ্গি।
এর আগে বৃহস্পতিবার রাতে খাইবার এজেন্সির জামরুদ এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে মারা গেছেন পেশোয়ারে স্কুল হত্যাযজ্ঞে জড়িত জঙ্গি কমান্ডার সাদ্দাম। তেহরিক-ই-তালেবান তারিক জেডার গ্রুপের অভিযান পরিচালনাকারী অন্যতম কমান্ডার ছিলেন সাদ্দাম।
তিনি পেশোয়ারে ওই স্কুলে তালেবান বন্দুকধারীদের সহায়তা করেছেন।