১৬২ আরোহীসহ ইন্দোনেশিয়ার সুরাবায়া নগরী থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে এয়ার এশিয়ার একটি ফ্লাইট নিখোঁজ হয়েছে।
বিমানটি পূর্ব বেলিটাং সাগরের কাছে সুমাটেরার পূর্ব উপকূলে বিধ্বস্ত হয়েছে বলে মালয়েশিয়ার নিউ স্ট্রেইটস টাইম পত্রিকা জানিয়েছে। তবে এটি সুনির্দিষ্ট কোন জায়গায় বিধ্বস্ত হয়েছে তা সনাক্ত করা যায়নি।
ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সোয়া ৬টার পরপর জাকার্তা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে ফ্লাইট কিউজেড- এইট ফাইভ জিরো ওয়ানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই সময় বিমানটি জাভা সাগরের ওপরে ছিল। এতে ১৪৯ জন ইন্দোনেশীয়, দক্ষিণ কোরিয়ার ৩ জন এবং সিঙ্গাপুর, ব্রিটেন ও মালয়েশিয়ার একজন করে যাত্রীসহ ১৬২ জন আরোহী ছিল।
খারাপ আবহাওয়ার কারণে বিমানটি অনির্ধারিত একটি রুটে চলার অনুমতি চেয়েছিল বলে জানিয়েছে এয়ার এশিয়া।
স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় ফ্লাইটটির সিঙ্গাপুরে অবতরণ করার কথা ছিল।
এর আগে গত ৮ মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ-থ্রি সেভেন জিরো ফ্লাইট ২৩৯ যাত্রী নিয়ে নিখোঁজ হয়। ব্যাপক অনুসন্ধানের পরও এখনো বিমানটির কোনো হদিস মেলেনি।