পশ্চিমবঙ্গে তৈরি বিস্ফোরক ও ইম্প্রোভাইজ্ড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়েই ভারতে প্রথম নাশকতা ঘটানোর পরিকল্পনা ছিল জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)।
ইনটেলিজেন্স ব্যুরো ও আসাম পুলিশের দাবি, নতুন বছরের শুরুর দিকেই হামলা হওয়ার কথা ছিল আসামে।
আসামে জেএমবি সদস্য শাহনুর আলম ও আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদের পর গোয়েন্দারা বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট বাংলাদেশের ৩০০ জায়গায় ৪৬০টি বিস্ফোরণের কায়দায় এ নাশকতার ছক করা হয়েছিল। তবে খাগড়াগড় বিস্ফোরণে ২ জন নিহত হওয়ার পর এবং সেই সূত্রে জঙ্গি চক্র ফাঁস হয়ে যাওয়ায় গোটা পরিকল্পনা ভেস্তে যায়।
আসামের কোকরাঝাড়, চিরাংসহ বড়ো স্বশাসিত বেশকিছু এলাকায় জেএমবি সদস্যরা নাশকতা ছক করেছিল বলেও দাবি গোয়েন্দাদের।
শাহনুর এবং তার দুই সহযোগী সাইখুল ইসলাম ও রফিকুল ইসলামকে শনিবার কলকাতার নগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। আদালত তাদেরকে ৯ জানুয়ারি পর্যন্ত এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দেয়।