ফিলিস্তিনি কর্তৃপক্ষকে রাজস্ব আয় হস্তান্তরে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হতে জাতিসংঘে আনুষ্ঠানিক আবেদনের জের ধরে ফিলিস্তিনে কর রাজস্ব স্থানান্তর বন্ধ করে দিয়েছে ইসরায়েল।
ফিলিস্তিনিদের পক্ষ থেকে প্রতি মাসে রাজস্ব আয় সংগ্রহ করে ইসরায়েল। দেশটিতে প্রতিমাসে ১০ কোটি ডলার ট্রান্সফার করে ইসরায়েল, যা ফিলিস্তিনের মোট বাজেটের দুই তৃতীয়াংশ।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, আইসিসিতে আবেদন করার কারণে ফিলিস্তিনকে গত মাসের সংগৃহীত ১০ কোটি ২৫ লাখ ডলার রাজস্ব আয় দেওয়া হবে না। ইসরায়েলের এ সিদ্ধান্তকে 'নতুন যুদ্ধাপরাধ' হিসেবে অ্যাখ্যায়িত করেছেন ফিলিস্তিনের এক জেষ্ঠ্য কর্মকর্তা।
তিনি বলেন, ইসরায়েল আবারো আইনগত পদক্ষেপের প্রতিক্রিয়ায় বেআইনি শাস্তি দিচ্ছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে সদস্যপদ পেলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনুষ্ঠানিকভাবে আনতে পারবে ফিলিস্তিন।