দীর্ঘ এক দশক ধরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে নেতৃত্ব দিলেও অবশেষে বৃহস্পতিবার অনুষ্ঠিত আগাম নির্বাচনে হেরে গেলেন মাহিন্দা রাজাপাকসে। তাও আবার নিজ সরকারেরই সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাইথ্রিপালা সিরিসেনার কাছে।
ঘোষিত আনুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, সরকার গঠনের জন্য মাইথ্রিপালা পেয়েছেন প্রয়োজনীয় ৫৬.৩% ভোট অন্যদিকে রাজাপাকসে পেয়েছেন ৪২% ভোট। পরাজয় মেনে নিয়ে সরকারি ভবন ছেড়ে গেছেন মাহিন্দা রাজাপাকসে। শুক্রবার সন্ধ্যায় শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মাইথ্রিপালা সিরিসেনা।
দুই মাসেরও কম সময় আগে, আগাম নির্বাচনের ঘোষণা দেন শ্রীলংকার সেই সময়কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপকসে। তবে এর ফলাফল ছিল অকল্পনীয়। সে সময় তার বিপরীতে বড় কোনো প্রার্থীও ছিল না। তবে হঠাৎ করেই রাজাপাকসের বিরুদ্ধে দেশে স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্র কায়েমের অভিযোগ তুলে ক্ষমতাসীন দলের পক্ষ ত্যাগ করেন তারই মন্ত্রিসভার সদস্য ও ঘনিষ্ঠজন মাইথ্রিপালা সিরিসেনা।
প্রার্থীতা দেন প্রেসিডেন্ট নির্বাচনের। সমর্থন পান সংখ্যালঘু সম্প্রদায়ের। হয়ে ওঠেন রাজাপাকসের তীব্র প্রতিদ্বন্দী।
সেই ধারাবাহিকতায়, বৃহস্পতিবার হয়ে গেলো শ্রীলংকার আগাম প্রেসিডেন্ট নির্বাচন। ভোট দেয় ১ কোটি ৫০ লাখ ভোটার। নির্বাচনপূর্ব জনমত জরিপে আভাস ছিল, লাড়াই হবে হাড্ডাহাড্ডি। তবে রাজাপাকসে হেরে যাবেন-তেমন কোনো ইঙ্গিত ছিল না।
তার দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, রাজাপাকসে স্বচ্ছন্দে ক্ষমতা হস্তান্তরের কথা নিশ্চিত করেছেন। মাইথ্রিপালা সিরিশেনা প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট নিশ্চিত করেছেন বলে ভোটের প্রাথমিক ফলাফলে জানা গেছে। তিনি রাজাপাকসে সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী। সরকারের জনপ্রিয়তা যাচাইয়ে মেয়াদ শেষ হওয়ার দুই বছর আগেই অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গত নভেম্বরে রাজাপাকসের দল ত্যাগ করেন সিরিশেনা।
এদিকে, এরইমধ্যে রাজাপাকসে তার সরকারি বাসভবন ছেড়ে দিয়েছেন।