বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ফোনে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ।
সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছিল, বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনকে ফোন করে বিজেপি সভাপতি অমিত শাহ তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।
পরে বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার সঙ্গে অমিত শাহ'র ফোনালাপের খবর নিশ্চিত করেন।
এদিকে, খালেদা জিয়াকে অবরুদ্ধ ও তারেকের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞায় উদ্বেগ জানিয়ে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের বিবৃতিটি ভুঁয়া বলে প্রমাণিত হওয়ায় যুক্তরাজ্য ভিত্তিক সংবাদপত্র ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস দুঃখ প্রকাশ করেছে। ভুঁয়া ওই বিবৃতির ভিত্তিতে সংবাদপত্রটি ওই খবর ছাপিয়েছিল।
ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস সংবাদটি প্রত্যাহারের পাশাপাশি দুঃখ প্রকাশ করে আরো একটি সংবাদ ছাপিয়েছে। এতে বলা হয়েছে, বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সহকারি হুমায়ুন কবিরের মাধ্যমে ওই বিবৃতিটি তারা পেয়েছিল।
যুক্তরাষ্ট্র প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান এড রয়েস ও কমিটির সদস্য এলিয়ট অ্যাঙ্গেল শুক্রবার এক বিবৃতিতে জানান, ৬ কংগ্রেস সদস্যের নামে ৭ জানুয়ারির যে বিবৃতির বরাত দিয়ে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা পুরোপুরি বানোয়াট।