ভারতের উত্তর প্রদেশের লক্ষ্যণৌতে সোমবার চোলাই মদ খেয়ে ২৭ জন মারা গেছেন। এদের মধ্যে ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।
এনডিটিভি সূত্র মতে, একশরও বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে ইউপি সরকার আবগারি ও পুলিশ বিভাগ থেকে ১৬ জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ইউপি’র ইন্সপেক্টর জেনারেল সাংবাদিকদের বলেন, হাসপাতালে চিকিৎসারতদের ভাষ্য অনুযায়ী স্থানীয়ভাবে তৈরি যে মদ পান করা হয়েছে তা ছিল বিষাক্ত। আটক তরল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া পুলিশও ঘটনার তদন্ত করছে।
প্রধান চিকিৎসা কর্মকর্তা এসএনএস যাদব বলেন, স্থানীয়ভবে তৈরি মদের সঙ্গে মিথাইল অ্যালকোহল মেশানোয় হতাহতের এ ঘটনা ঘটেছে।
এদিকে, মালিহাবাদের ডাটলি গ্রামের একটি পরিবার এ মদ তৈরি করেছে এবং প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব মৃত স্বজনদের জন্য ২ লাখ করে রুপি এবং অসুস্থদের হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ঘোষণা দিয়েছেন।