ইয়েমেনের রাজধানী সানায় যুদ্ধবিরতি ভঙ্গ করে প্রেসিডেন্ট ভবনে গোলা হামলা চালিয়েছে শিয়া হাউথি বিদ্রোহীরা। প্রেসিডেন্ট আবেদরাব্বু মনসুর হাদি হামলার সময় তার বাসভবনেই ছিলেন এবং তিনি নিরাপদে আছেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
বিদ্রোহীরা সানার আরেক প্রান্তে প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে পড়ার পর হাদির ব্যক্তিগত বাসভবনে হামলার ঘটনা ঘটে।
দেশটির তথ্যমন্ত্রী নাদিয়া আল-শাক্কাফ টুইটারে এক পোস্টে জানিয়েছেন, সশস্ত্র বাহিনী আশপাশে বাড়ির ছাদে অবস্থান নিয়ে বাসভবনটিতে প্রচণ্ড গোলা হামলা চালায়। লড়াইয়ে দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছেন আরেক কর্মকর্তা।
গত সোমবার হাউথি বিদ্রোহীরা সানা দখলে নেওয়ার পর সরকারি বাহিনীর সঙ্গে তাদের তীব্র লড়াইয়ের মধ্যে উভয়পক্ষের যুদ্ধবিরতি হয়।
এদিকে, এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বিদ্রোহীদেরকে দেশটির বৈধ নেতাদের যথাযথ সম্মান দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।