সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থান মারা গেছেন। বিকেলে রাজধানী রিয়াদে রাষ্ট্রীয় মর্যাদায় বাদশা আব্দুল্লাহর নামাজে জানাজার আয়োজন করা হয়।
বন্ধুপ্রতিম রাষ্ট্র সৌদি আরবের বাদশা আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।
এদিকে, বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোক জানাতে শনিবার রাষ্ট্রপতি আবদুল হামিদ সৌদি আরবে যাচ্ছেন।
এছাড়া মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা,যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ বিশ্বের অন্যান্য দেশের নেতারাও সৌদি বাদশার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
নিয়ম অনুযায়ী আব্দুল্লাহর মৃত্যুর পর তার ভাই সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ নতুন বাদশা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আব্দুল আজিজের অসুস্থতার কারণে আগে থেকেই সালমান ভারপ্রাপ্ত বাদশার দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রসঙ্গত, কঠোর রক্ষণশীল রাজতন্ত্রের দেশ সৌদি আরবে ধীরগতিতে সংস্কার শুরু করেছিলেন আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ। তার শাসনামলেই সংবাদ মাধ্যমে সরকারে মৃদু সমালোচনার চর্চা হয় এবং নারী অধিকারের বিষয়টি উঠে আসে।
বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের জন্ম ১৯২৩ সালে। সৌদি আরবের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ ইবনে সউদের ১১৩ তম সন্তান। ক্ষমতার ধারাবাহিকতায় সৎ ভাই বাদশাহ ফাহাদের মৃত্যুর পর ২০০৫ সালে সিংহাসনে আরোহণ করেন বাদশা আব্দুল্লাহ।
আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণরে পর কমপক্ষে এক দশক সৌদি আরব শাসন করেন বাদশাহ আবদুল্লাহ।
তবে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।