জাপানের জিম্মি সাংবাদিক কেনজি গাতোর শিরশ্ছেদ করে অনলাইনে এর ভিডিও চিত্র প্রকাশ করেছে ইসলামিক স্টেট জঙ্গিরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে জাপান। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স এর তীব্র নিন্দা জানিয়েছে।
জাপানি নাগরিক হারুনা ইয়াকুয়ার শিরশ্ছেদের ভিডিও প্রকাশের এক সপ্তাহ পার হতে না হতেই কেনজি গাতোর শিরশ্ছেদের ভিডিও চিত্র প্রকাশ করা হলো।
এ ভিডিও চিত্রের সঙ্গে এর আগে আইএসের অন্যান্য হত্যাকাণ্ডের ভিডিও চিত্রের মিল রয়েছে। ভিডিও চিত্রটির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জাপান।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, জাপান কখনো সন্ত্রাসবাদে জড়িতদের ক্ষমা করবে না। সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা কেনজি গাতো গত অক্টোবর মাসে সিরিয়া থেকে অপহৃত হন।
এরপর জর্দানের কারাগারে বন্দি মৃত্যুদণ্ড প্রাপ্ত এক আইএস সদস্যের মুক্তির বিনিময়ে গাতোর মুক্তির জন্য কূটনৈতিক তৎপরতা চলছিল।