কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলায় উত্তর আমেরিকার প্রচুর আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। শনিবার কানাডা ও মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
বস্টনে সংবাদ সম্মেলনে কেরি বলেন, এই প্রচেষ্টা কিউবার জনগণের জন্য তাদের জীবনমান উন্নয়নের সর্বোত্তম সুযোগ এনে দেবে। এর মাধ্যমে তারা তাদের পছন্দের জীবনধারা বেছে নিতে পারবে।
তিনি বলেন, ৫ দশকের বেশি সময় ধরে কিউবার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের বিরুদ্ধে নতুন কিছু করার এখনই সময়। গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো গত সপ্তাহে কিউবার রাজধানী হাভানায় দেশটির কর্মকর্তাদের সঙ্গে দুই দিনব্যাপী বৈঠক করে মার্কিন শীর্ষ প্রতিনিধি দল।
এর আগে গত ডিসেম্বরে কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনপ্রতিষ্ঠার ব্যাপারে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।