ভারতে দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় শেষ হয় ভোটগ্রহণ। আগামী ১০ ফেব্রুয়ারি ৭০ সদস্য বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার এইচএস ব্রহ্মা বলেন, আশা করছি এবার দিল্লি বিধানসভা নির্বাচনে ৬৫% থেকে ৭০% ভোট পড়বে। এক কোটি ৩০ লাখ ভোটারের মধ্যে বিকেল ৫টা পর্যন্ত ৬৩.৫% ভোট পড়ে।
নির্বাচনে, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আম আদমি পার্টি-এএপি নেতা অরবিন্দ কেজরিওয়াল ও বিজেপিতে সদ্য যোগ দেয়া সাবেক পুলিশ প্রধান কিরণ বেদীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।
এছাড়া, কংগ্রেস থেকে এবার প্রতিদ্বন্দ্বীতা করছেন অজয় মাকেন।
এর আগে গত বছর দিল্লির বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার মাত্র ৪৯ দিনের মাথায় পদত্যাগ করেন অরবিন্দ কেজরিওয়াল।
এদিকে, সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে এক টুইট বার্তায় সবাইকে নিজের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। আগামী মঙ্গলবার ভোটের ফলাফল প্রকাশ হতে পাবে জানা গেছে।
দিল্লির নির্বাচন নিয়ে নানা জরিপ এএপিকে এগিয়ে রেয়েছে। ছয়টি জরিপের ফলাফল একত্র করে এনডিটিভির করা এক জরিপের ফলে জানানো হয়, এএপি ৩৬টি আসন পেতে পারে। দিল্লিতে সরকার গঠনের জন্য ঠিক এই সংখ্যাটিই দরকার। বিজেপি ও তাদের সহযোগী আকালি দল পেতে পারে ৩০টি আসন। কংগ্রেস পাবে মাত্র চারটি।