জঙ্গি সংগঠনগুলো বিশ্বের একশ কোটি মুসলমানের পক্ষে কথা বলে না— এরা ধর্মের অপব্যাখ্যা করে তাই এদের বিরুদ্ধে মুসলিম ও পশ্চিমা বিশ্বকে একত্রিত হতে হবে— জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
হোয়াইট হাউসে গতকাল বুধবার চরমপন্থাবিরোধী সম্মেলনের দ্বিতীয় দিনে ভাষণ এ কথা বলেন তিনি।
ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধ ইসলামের অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে।
তিনি বলেন, ‘আমরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছি না। ইসলামকে ভুলপথে পরিচালনাকারী ব্যক্তিদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি। বিশ্বকে মৌলবাদী আদর্শের বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, যারা ইসলামিক স্টেট (আইএস) বা আল-কায়েদার মতো গোষ্ঠীগুলোর নেতৃত্ব দিচ্ছে, তারা ধর্মীয় নেতা নয়, তারা সন্ত্রাসী। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ইসলামের সঙ্গে ইসলামিক স্টেট বা আল-কায়েদাকে মেলানোর অর্থ ওই গোষ্ঠীগুলোর প্রচারণাকে গুরুত্ব দেওয়া।
ডেনমার্ক, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে একের পর এক সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের রাজধানীতে গত মঙ্গলবার শুরু হয়েছে তিন দিনের এই আন্তর্জাতিক সম্মেলন। এর আয়োজক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন সমাজকর্মীদের পাশাপাশি এতে অংশ নিচ্ছেন বিশ্বের বেশ কিছু দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা।
বৃহস্পতিবার ওবামা পররাষ্ট্র দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেবেন। এতে উপস্থিত থাকবেন বিশ্বের ৬০টি দেশের প্রতিনিধিরা।
গত কয়েক মাসে বিভিন্ন দেশে ঘটে যাওয়া সন্ত্রাসবাদী ঘটনার প্রেক্ষাপটে এ সম্মেলন হচ্ছে। এরমধ্যে রয়েছে গত বছরের অক্টোবর মাসে কানাডা, ডিসেম্বরে অস্ট্রেলিয়ায়, এ বছরের জানুয়ারি মাসে ফ্রান্সে এবং সর্বশেষ চলতি মাসে ডেনমার্কে সংঘটিত সন্ত্রাসবাদী হামলা। পাশাপাশি মধ্যপ্রাচ্যে জঙ্গিগোষ্ঠী আইএসের উত্থান নিয়ে চরম উদ্বেগের মধ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
বিশ্বজুড়ে শুরু চলমান চরমপন্থার বিরুদ্ধে হোয়াইট হাউসে চলমান সম্মেলনে বুধবার তিনি এ কথা বলেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই সম্মেলনে যোগ দিয়েছেন ৬০টি দেশের প্রতিনিধিরা।