ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দমনে আরব জোটের উপর্যুপরি বিমান হামলা ও সেনা অভিযান অব্যাহত রয়েছে। সেইসঙ্গে ইয়েমেনের আকাশসীমা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়ার দাবি করেছে তারা।
শনিবার লোহিত সাগরের উপকূলে হুদাইদা শহরে নতুন করে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
এটি হুথিদের শক্তঘাঁটি সাদা'র উত্তরে অবস্থিত। দেশটির সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহের ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে বিদ্রোহীদের সঙ্গে প্রেসিডেন্ট মনসুর হাদির সমর্থকদের লড়াই চলছে—এমন খবর পাওয়ার পর এ বিমান হামলা চালায় আরব জোট।
এডেন রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে বলে জোটের মুখপাত্র জানিয়েছেন।
এদিকে, হুথি দমন অভিযানে রাজধানী সানায় গত কয়েকদিনে ৩৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহী নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।