আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়ান ইউয়ের শেষকৃত্য সম্পন্ন হবে আজ। এক সপ্তাহ রাষ্ট্রীয় শোক পালন শেষে বিনম্র শ্রদ্ধা, ভালবাসায় তাকে শেষ বিদায় জানাতে প্রস্তুত সিঙ্গাপুর।
রোববার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় তার মরদেহ নিয়ে শোকযাত্রার মধ্য দিয়ে শুরু হবে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। পার্লামেন্ট ভবন থেকে শুরু হয়ে শোকযাত্রা ন্যাশনাল ইউনিভাসিটি অব সিঙ্গাপুরের কালচারাল সেন্টারে গিয়ে শেষ হবে।
রাষ্ট্রীয় এ শেষকৃত্যে যোগ দিতে এরই মধ্যে জড়ো হয়েছেন লাখো মানুষ, যোগ দেবেন বিশ্ব নেতারা। পরে পারিবারিক এক অনুষ্ঠানের মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন হবে।
বিকেলে তার সম্মানে এক মিনিট নীরবতা পালন করবে সিঙ্গাপুরবাসী।
গত এক সপ্তাহে প্রয়াত এ নেতাকে সম্মান জানিয়েছেন প্রায় ১০ লাখ মানুষ। ৪ লাখ ১৫ হাজারের বেশি মানুষ তার উদ্দেশ্যে পার্লামেন্ট ভবন পরিদর্শন করেছেন।
গত সোমবার ৯১ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লি কুয়ান।