পরমাণু কর্মসূচি নিয়ে স্বাক্ষরিত কাঠামো চুক্তির শর্তাবলী ছয় বিশ্বশক্তি মেনে চললে ইরানও তা করবে বলে অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।
শুক্রবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, বিশ্বের জানা উচিত ইরানের প্রতারণার কোনো অভিসন্ধি নেই।
রুহানি বলেন, অপরপক্ষ সমঝোতার প্রতিশ্রুতি রক্ষা করলে ইরান তা রক্ষা করবেই। তবে বিশ্ব শক্তিগুলো যদি ভিন্ন পথ বেছে নেয় তবে তেহরানও অবাধে যেকোনো সিদ্ধান্ত নিতে পারে।
ভাষণে প্রেসিডেন্ট আরো বলেন, পশ্চিমা দেশগুলো এখন বুঝতে পেরেছে তার দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনো হুমকি নয়।
বৃহস্পতিবার সুইজারল্যান্ডের লুজানে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন ও জার্মানির সঙ্গে ৮ দিনের দীর্ঘ আলোচনার পর ইরান তার ইউরোনিয়ামের ভাণ্ডার দুই-তৃতীয়াংশ কমিয়ে আনতে সম্মত হয়। বিনিময়ে তেহরানের ওপর থেকে পর্যায়ক্রমে অবরোধ তুলে নেবে পশ্চিমা দেশগুলো।