ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধে দিল্লিকে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান দিতে রাজি হয়েছে ফ্রান্স। এছাড়াও দুই দেশের মধ্যে পরমাণু চুল্লি প্রকল্প স্থাপন, প্রতিরক্ষা, সন্ত্রাস দমন, সংস্কৃতি, পর্যটন, বিজ্ঞান ও প্রযুক্তিসহ ১৭টি চুক্তি সই হয়েছে।
শুক্রবার নরেন্দ্র মোদি ও ফরাসি প্রেসিডেন্ট ফ্রসোঁয়া ওলাঁদের উপস্থিতিতে এসব চুক্তি সই হয়। এরপর এক যৌথ সংবাদ সম্মেলনে দু'দেশের দীর্ঘ দিনের সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার কথা উল্লেখ করেন মোদি।
উভয় দেশের মধ্যে সই হওয়া চুক্তিগুলোর মধ্যে মহারাষ্ট্রের জয়িতাপুরে ফরাসি সংস্থা আরিভা'র পরমাণু চুল্লি প্রকল্প স্থাপন সংক্রান্ত চুক্তি হয়। যার ফলে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
ভারতীয় পর্যটকদের জন্য ৪৮ ঘণ্টার মধ্যে ভিসা প্রদানের ব্যাপারেও কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের। এছাড়া ফ্রান্স ভারতে ২০০ কোটি ইউরো বিনিয়োগ করবে বলেও সংবাদ সম্মেলনে জানান ওলাঁদ।
ত্রিদেশীয় সফরের শুরুতে বৃহস্পতিবার রাতে প্যারিস পৌঁছান নরেন্দ্র মোদি। (সূত্র: এনডিটিভি)