ইয়েমেনে হুথি বিদ্রোহীদের দমনে সৌদি নেতৃত্বাধীন জোটের অব্যাহত বিমান হামলার সমালোচনা করে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ‘আজ হোক বা কাল’ সৌদিকে আঞ্চলিক শত্রুতার সম্মুখীন হতে হবে।
রাজধানী তেহরানে বার্ষিক সেনা দিবসে কুঁচকাওয়াজ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
রুহানি বলেন, ইয়েমেনে সামরিক আগ্রাসনের ফলে সাধারণ মানুষের মনে যে বিদ্বেষের বীজ বপন করছে সৌদি আরব, একদিন তার ফলভোগ করতে হবে।
এদিকে, শনিবার ইয়েমেন সংলগ্ন সৌদি আরব সীমান্তে হুতি বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে আরেক সৌদি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন জোটের মুখপাত্র।
ইয়েমেনের তিয়াজে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করেও বিমান হামলা চালায় সৌদি সেনারা। প্রাসাদটি বিদ্রোহীদের অস্ত্র এবং জ্বালানির সংরক্ষণাগার হিসেবে ব্যবহার করা হয়।
তিয়াজে কমপক্ষে ২০ হুথি বিদ্রোহী নিহত হয়েছেন বলেও জানান জোটের মুখপাত্র।