ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত ব্রিফিং এ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারি হার্ফ এ কথা বলেন।
হার্ফ বলেন, এই নির্বাচনকে ঘিরে যেকোনো রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ঢাকা সিটি নির্বাচনে নিজ দল সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর সময় বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরে হামলা ও এ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় এক প্রশ্নের জবাবে মারি হার্ফ যুক্তরাষ্ট্রের এ অবস্থান তুলে ধরেন।
তিনি আরো বলেন, অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠানে ওয়াশিংটন ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে। সেইসঙ্গে নির্বাচনী প্রচারণার সময় প্রার্থীদের রাজনৈতিক সহিংসতা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীকেও তাগিদ দেয়া হয়েছে বলে জানান মুখপাত্র।