নেপালে শনিবারের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যা ৮ হাজারেরও বেশি।
৮০ লাখ লোক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৪ লাখ মানুষের ত্রাণ সহায়তা দরকার বলে জাতিসংঘ জানিয়েছে।
নেপালে আর্ন্তজাতিক ত্রাণ সহায়তা আসতে শুরু করেছে তবে এখনো চিকিৎসা সরঞ্জাম ও খাবারের আভাব রয়েছে।
উপর্যুপরি পরাঘাতের কারণে আতঙ্ক নিয়ে তাঁবু আর খোলা আকাশের নিচে ভূমিকম্প বিধ্বস্ত নেপালের অগণিত মানুষ।
রাজধানী কাঠমাণ্ডু এখন ঘর হারানো মানুষের 'তাঁবুর শহরে' পরিণত হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপ সরিয়ে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় ঘটনাস্থলে প্রয়োজনীয় যন্ত্রপাতি কিংবা ত্রাণ নিয়েও পৌঁছাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।
হাসপাতালগুলোতে স্থান সংকুলান না হওয়ায় জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে খোলা আকাশের নিচে।
এদিকে, নেপালে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলছে।
সোমবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ২২২ জনসহ এ পর্যন্ত ২৭২ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।