নেপালে ভূমিকম্পে নিহতদের স্মরণে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে দেশটি। গত আট দশকের মধ্যে ভয়াবহ এ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ছাড়িয়ে গেছে। আহতের সংখ্যা ১০ হাজারেরও বেশি।
নিহতের সংখ্যা বেড়ে ১০ হাজারে পৌঁছতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী সুশীল কৈরালা।
জাতিসংঘ জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮০ লাখ মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার এক চতুর্থাংশেরও বেশি।
বিশ্বসংস্থাটি বলছে, খাদ্য সহায়তা প্রয়োজন দুর্গত ১৪ লাখ মানুষের। উপর্যুপরি পরাঘাতের কারণে আতঙ্ক নিয়ে খোলা আকাশের নিচে বাস করছে নেপালের অগণিত দুর্গত মানুষ। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে, নেপালে আন্তর্জাতিক ত্রাণ সহায়তা পৌঁছাতে শুরু করলেও, কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমান বন্দরে ত্রাণবাহী ফ্লাইট অবতরণের জায়গা হচ্ছে না।