ভূমিকম্পের প্রায় ৮০ ঘণ্টা পর কাঠমাণ্ডুর একটি ভবনের ধ্বংসস্তুপ থেকে এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। ২৮ বছর বয়সী ওই যুবকের নাম ঋষি খান্নাল। খবর- এনডিটিভি
গত মঙ্গলবার নেপালি রাজধানী কাঠমান্ডুর একটি অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তুপ থেকে কান্নালকে উদ্ধার করে ফ্রান্সের উদ্ধারকারী দল।
ধ্বংসস্তুপে আটকে থাকার সময় প্রায় ৮০ ঘণ্টা খাবার ও পানীয় ছাড়াই বেঁচে ছিলেন ঋষি। এ সময় সেখানে আরও তিন মরদেহও ছিল।
ঋষি ওই সাততলা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে আটকে ছিলেন। তাকে উদ্ধার করতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে ফরাসি উদ্ধারকারীদের। পরে সেখান থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। ঋষির একটি পা ভেঙে গেছে বলে ধারণা করছেন চিকিৎসকরা।
গত মঙ্গলবার কাঠমান্ডুর আরেকটি বিধ্বস্ত ভবন থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। সুনীতা নামের ওই নারী কাঠমান্ডুর মহারাজগঞ্জের বসুন্ধরা ভবনের ধ্বংসস্তুপে ৫০ ঘণ্টা আটকা ছিলেন।
মঙ্গলবার ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) তাকে উদ্ধার করে। ধ্বংসস্তূপ থেকে সুনীতা জীবিত অবস্থায় উদ্ধার করে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে। বুধবার উদ্ধারকারীরা সুনীতার স্বামী এবং দুই সন্তানকেও উদ্ধার করেছে।
গত শনিবারের ভূমিকম্পে এ পর্যন্ত নেপালে নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা।
বুধবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি উদ্ধারকারীদের নেপালে যেতে নিষেধ করেছে দেশটি। জাতিসংঘের এক কর্মকর্তার বরাত দিয়ে এতে বলা হয়, নেপালে উদ্ধারকারীর সংখ্যা 'যথেষ্ট' হওয়ায় নতুন করে আর উদ্ধারকারী না যেতে বলেছেন দেশটির কর্মকর্তারা।