যুক্তরাষ্ট্রের ডালাসে নবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে আঁকা কার্টুনের একটি প্রদর্শনী কেন্দ্রের বাইরে পুলিশের গুলিতে দুই বন্দুকধারী নিহত হয়েছে। পুলিশের বরাত দিয়ে সোমবার সকালে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্টের পুলিশ বলছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় বন্দুকধারীরা প্রদর্শনী কেন্দ্রের বাইরে গুলি ছুড়তে শুরু করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুই বন্দুকধারী নিহত হন। এ ঘটনায় এক নিরাপত্তা রক্ষীও আহত হয়েছে।
এ ঘটনার পর পুলিশ কার্টিস কালওয়েল সেন্টার নামের ওই প্রদর্শনী কেন্দ্রটি বন্ধ করে দিয়েছে। এছাড়া বোমার খোঁজে বন্দুকধারীদের গাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
প্রদর্শনীতে নেদারল্যান্ডসের ইসলামবিরোধী রাজনীতিবিদ গির্ট ওয়াইল্ডার্সও অংশ নিতে এসেছিলেন। তিনি এক টুইটে জানান, প্রদর্শনী কেন্দ্রের বাইরে গুলি ছোড়া হয়েছে এবং তিনি নিরাপদেই ওই ভবন ত্যাগ করতে পেরেছেন।
নবীর কার্টুন নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক হামলা ও হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রে এ ঘটনা ঘটল। তবে ঠিক কার্টুন প্রদর্শনীর কারণেই বন্দুকধারীরা গুলি ছুড়েছে কিনা সে বিষয়ে এখন নিশ্চিত নয় মার্কিন পুলিশ।
গারল্যান্ডের পুলিশ বিভাগের মুখপাত্র জো হার্ন জানান, এই কার্টুন প্রদর্শনীকে কেন্দ্র করেই বন্দুকধারীরা গুলি ছুড়েছে কিনা তা নিশ্চিত নয়। এছাড়া এই প্রদর্শনী নিয়ে এর আগে কোনো পক্ষ কোনো ধরনের হুমকি দেয়নি বলেও জানান তিনি।