থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তবর্তী অঞ্চলে মানব পাচারকারীর মূল হোতা সু নাইংকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত মোট ৪ জনকে আটক করা হয়েছে। তাদের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
এরা ছাড়াও আরো ৪ জনকে খুঁজছে পুলিশ। এদের সবার বিরুদ্ধে মানবপাচার, বন্দি শিবিরে আটক ও মুক্তিপণ চাওয়ার অভিযোগ আনা হয়েছে।
এদিকে, মানব পাচারকারীর সন্দেহভাজন মূল হোতা নাইংকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাতুন পুলিশের প্রধানকে বরখাস্ত করা হবে বলে জানিয়েছেন থাইল্যান্ডের জাতীয় পুলিশ চীফ।
তিনি বলেন, পাশাপাশি শংখলা প্রদেশে ৫ জেষ্ঠ্য পুলিশ কর্মকর্তাকে বদলির করা হবে। মানবপাচারকারীদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে সন্দেহের তালিকায় রয়েছে আরো ৭ পুলিশ।
গত শুক্রবার থাইল্যান্ডের শংখলা প্রদেশে সাদাও এলাকার জঙ্গলে মানব পাচারকারীদের একটি অস্থায়ী ঘাঁটির গণকবর থেকে ২৬ জন অভিবাসীর কঙ্কাল উদ্ধার করা হয়, এসময় জীবিত উদ্ধার হওয়া ৪ জনের মধ্যে এক বাংলাদেশি রয়েছে বলে জানা যায়।