বহূল প্রতীক্ষিত বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি বিলটি লোকসভায় বৃহস্পতিবার পাস করা হয়েছে। এটি ভারতীয় সংবিধানের ১১৯তম বিল। বিকেল ৩টার কিছুক্ষণ সময় আগের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিলটি লোকসভায় উত্থাপন করেন।
বিলটি পাস হওয়ায় দুই দেশের ছিটমহলে থাকা প্রায় ৫২ হাজার মানুষের বন্দি জীবনের অবসান ঘটতে যাচ্ছে, তারা যুক্ত হবেন নিজ নিজ দেশের মূল ভূখণ্ডে।
এর আগে বুধবার রাজ্যসভায় সর্বসম্মতভাবে বিলটি পাস হয়। মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য এ বিল অনুমোদিত হয়।
এতে ১৯৭৪ সালের স্থল সীমান্ত চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৬২টি ছিটমহল বিনিময় হবে।
রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্বাক্ষর শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য এ বিল লোকসভায় উত্থাপন করা হয়। এরপর বিলটি নিয়ে কয়েক ঘণ্টা ধরে আলোচনা হয়। আলোচনা শেষে লোকসভা. জন সদস্যের সবাই বিলটির পক্ষে ভোট দেন।
বিলটি লোকসভায় পাস হওয়ায় ১৯৭৪ সালের স্থল সীমান্ত চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৬২টি ছিটমহল বিনিময় হবে। এ চুক্তি কার্যকর হলে দুদেশের প্রায় ৫২ হাজার মানুষের বন্দি জীবনের অবসান ঘটবে।
ছিটমহল বিনিময়ের ফলে তারা যুক্ত হবেন নিজ নিজ দেশের মূল ভূখণ্ডের সঙ্গে। নির্দিষ্ট হবে প্রতিবেশি দুই দেশের স্থলসীমানাও।