যুক্তরাজ্যে আবারও ৫ বছরের জন্য সরকার গঠন করতে যাচ্ছে ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টি। পার্লামেন্টের ৬৫০ আসনের মধ্যে এপর্যন্ত পাওয়া ৬৪১ আসনের ফলাফলে ৩২৫ আসন পেয়ে এরইমধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে কনজারভেটিভ পার্টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি পেয়েছে ২২৯ আসন, আর স্কটিশ ন্যাশনাল পার্টি পেয়েছে ৫৬টি আসন।
ঝুলন্ত পার্লামেন্টের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে যুক্তরাজ্যের ৫৬তম পার্লামেন্ট নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠা পেল ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টি। রক্ষণশীল টোরি-নামেই যারা পরিচিত। আবারো ৪ বছরের জন্য নির্বাচিত হলো দলটি।
এক প্রতিক্রিয়ায় ডেভিড ক্যামেরন বলেন, যুক্তরাজ্যের ঐক্য অক্ষুণ্ণ রাখতে তিনি বদ্ধপরিকর। এক জাতি, অখণ্ড যুক্তরাজ্য লক্ষ্যে রেখেই রাষ্ট্র পরিচালনা করবো।
পরাজয় স্বীকার করে বিরোধী লেবার দলের নেতা এড মিলিব্যান্ড এ ফলাফলকে দলের জন্য খুবই হতাশাজনক বলে উল্লেখ করেছেন।
এদিকে, লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি নির্বাচিত হলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানার মেয়ে লেবার পার্টির টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির সাইমন মার্কাসের চেয়ে তিনি ১ হাজার ৮৮ ভোট বেশি পেয়েছেন। তিনি ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের প্রতিনিধিত্ব করবেন।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২৭৪ ভোটের ব্যবধানে জয় পেলেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। তিনি পেয়েছেন ২২ হাজার ২ ভোট। রূপা উত্তর-পশ্চিম লণ্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনের প্রতিনিধিত্ব করবেন।
আর পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে ২৪ হাজার ভোটের বিশাল ব্যবধানে জয়ী হলে, আবারো নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভুত রুশনারা আলী। তিনি পেয়েছেন ৩২ হাজার ৩৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ম্যাথু স্মিথ পেয়েছেন ৮ হাজার ৭০ ভোট।