পাকিস্তানের নাটলার উপত্যকায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নরওয়ে ও ফিলিপাইনের রাষ্ট্রদূতসহ নিহত হয়েছেন কমপক্ষে ৭ জন। আহত হয়েছেন পোলিশ ও ডাচ রাষ্ট্রদূতসহ ৫ জন।
শুক্রবার পাকিস্তানের কাশ্মিরের গিলগিত-বালতিস্তান সীমান্তের কাছে একটি স্কুলের পাশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
কোনো জঙ্গি হামলা নয়, যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা- বলে দাবি পাকিস্তান সেনাবাহিনীর।
বিবিসি সূত্র মতে, পাকিস্তান সামরিক বাহিনীর এমআই-ওয়ান সেভেন হেলিকপ্টারের ৩টি বহর দেশটির গিলগিতে দুইটি নতুন প্রকল্প উদ্বোধনের উদ্দেশ্যে যাত্রা করে। এর একটিতে ছিলেন কয়েকজন বিদেশি কূটনীতিক, আরেকটিতে প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ ও তার কর্মকর্তারা এবং তৃতীয়তে ছিলেন সিনিয়র সামরিক কর্মকর্তারা।
গন্তব্যস্থলে পৌঁছার আগেই বিদেশি কূটনীতিক ও প্রতিনিধিদের বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
ঘটনাস্থলেই নিহত হন পাকিস্তানে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত ডোমিঙ্গো ডি লুসেনারিও জুনিয়র, নরওয়ের রাষ্ট্রদূত লেইফ এইচ লারসেন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের স্ত্রী এবং হেলিকপ্টারের দুই পাইলট ও এক ক্রু।
পোলিশ ও ডাচ রাষ্ট্রদূতসহ আরো কয়েকজন আহত হয়েছেন।