ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে গ্রেপ্তার হওয়া বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে অসুস্থতার কারণে এ মুহূর্তে আদালতে হাজির করা হচ্ছে না। বুধবার পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মেঘালয়ের বিভিন্ন সংবাদ মাধ্যম।
পূর্ব খাসি পার্বত্য এলাকার পুলিশ প্রধান জানিয়েছেন, হার্ট ও কিডনির সমস্যার কারণে সালাহ উদ্দিন এখন শিলং সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার সকালে মেঘালয়ের রাজধানী শিলংয়ের গলফ লিং এলাকা থেকে সালাহউদ্দিন আহমেদকে গ্রেপ্তারের খবর মেঘালয়ের বিভিন্ন সংবাদ মাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ পায়।
দ্যা শিলং টাইমস, দ্যা মেঘালয়া গার্ডিয়ান, দ্যা নর্থ ইস্ট টুডেসহ প্রায় সবকটি সংবাদ মাধ্যমের প্রথম পৃষ্ঠায় সংবাদটি স্থান পায়।
সংবাদমাধ্যম গুলোতে বলা হয়, শিংলয়ের গল্ফ লিং এলাকায় উদ্ভ্রান্ত হয়ে ঘোরাফেরা করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার আচরণ যথেষ্ট সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় জনগণ পুলিশকে খবর দেয়।
এ সময় সালাহউদ্দিন বাংলাদেশের সাবেক মন্ত্রী এবং তাকে অপহরণ করা হয় বলে দাবি করেন।
এছাড়াও গণমাধ্যমের খবরে বলা হয়, সালাহউদ্দিন বাংলাদেশের সাবেক মন্ত্রী ও বিএনপির সিনিয়র নেতা জানতে পেরে মেঘালয়ের পুলিশ প্রথমত বিস্মিত হয়। তবে তার সঙ্গে পাসপোর্ট বা পরিচয়পত্র না থাকায় অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে তাকে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করে।
তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় শিলংয়ের মানসিক হাসপাতালে তাকে পাঠানো হয়। এরপর সেখানকার চিকিৎসক তাকে পরীক্ষা-নীরিক্ষা করে জানান যে, সালাহউদ্দিন মানসিকভাবে সুস্থ, তবে তার হার্ট ও কিডনির সমস্যা রয়েছে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে এখন শিলং সিভিল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।