আট দশকের মধ্য সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের ধাক্কা সামলে উঠতে না উঠতেই আবারো ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল। মঙ্গলবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। আর আহতের সংখ্যা প্রায় ২ হাজারের কাছাকাছি।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৫ মিনিটে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী কাঠমান্ডু থেকে ৭৬ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে এবং কোদারি থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে চীন সীমান্তের কাছে। এরপর বেশ কয়েকটি পরাঘাত হয়।
ভূমিকম্পে আগেই ক্ষতিগ্রস্ত রাজধানী কাঠমান্ডুর বাসিন্দারা আতঙ্কে রাস্তায় নেমে আসে। খোলা জায়গার খোঁজে লোকজন বিক্ষিপ্তভাবে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত ভবন ধসে পড়েছে। কোনো কোনো জায়গায় ভূমিধসেরও খবর পাওয়া গেছে।
এদিকে, প্রতিবেশি দেশ ভারতেও ভূমিকম্প হয়েছে। ভারতের বিহার, উত্তর প্রদেশে ভূমিকম্পে অনেকেই হতাহত হয়েছে।
গত ২৫ এপ্রিল নেপালে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৮ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০ হাজার মানুষ। নিশ্চিহ্ন হয়ে গেছে অনেক জনপদ, গুঁড়িয়ে গেছে বেশ কিছু প্রাচীন সভ্যতা।