বৈধ শ্রমিক প্রবেশে লিবিয়া কোনো নিষেধাজ্ঞা জারি করেনি বলে জানিয়েছেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তবে বাংলাদেশি শ্রমিকরা কাজ করার উদ্দেশ্যে লিবিয়া এসে অবৈধভাবে নৌপথে ইউরোপে পাড়ি জমান, এমন অভিযোগ এনে লিবিয়ার পূর্বাঞ্চল ভিত্তিক আন্তর্জাতিক স্বীকৃত সরকার দেশটিতে কর্মী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। দেশটির সরকারের মুখপাত্র হাতেম উরাইবি'র বরাত দিয়ে খবরটি প্রচার করা হয়েছে।
বিষয়টি জানতে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, লিবিয়ায় অবৈধপথে শ্রমিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে বৈধ পথে কর্মী যেতে বাঁধা নেই।
বৈধ পথে গিয়ে অবৈধ কাজ করলে সেসব শ্রমিকের অপরাধের দায় সরকার নেবেনা—
আর তা শনাক্ত করারও উপায় নেই বলে মন্তব্য করে মন্ত্রী।
সরকারের হিসাবে গত ২০ বছরে লিবিয়ায় প্রায় এক লাখ কর্মী বৈধপথে পাঠানো হয়েছে। এদের মধ্যে যুদ্ধ চলাকালীন ৪৫ হাজার শ্রমিক দেশে ফেরত আসে। বর্তমানে দেশটিতে প্রায় ৫০ হাজার বাংলাদেশি শ্রমিক বৈধভাবে কাজ করছেন।