নেপালের পশ্চিমাঞ্চলে ভূমিধসে নদীর পানির স্তর বেড়ে যাওয়ায় বন্যার আশঙ্কায় নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়েছেন হাজার হাজার মানুষ। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রোববার স্থানীয় সময় মধ্যরাতে এ ভূমিধসের ঘটনা ঘটে। এর ফলে রাজধানী কাঠমাণ্ডু থেকে ১৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে কালি গানদাকি নদীতে প্রচুর পরিমাণ কাঁদা ও পাথর পড়ে পানির স্তর ১৫০ মিটার উপরে উঠে যায়।
এ সময় নদীর গতিপথ পরিবর্তিত হয়ে গভীর ও ক্রমবর্ধমান একটি হ্রদের সৃষ্টি হয়েছে। দুর্গত এলাকা থেকে এরইমধ্যে শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, অন্যান্য গ্রাম থেকে এখনই লোকজনকে সরিয়ে নেয়ার প্রয়োজন নেই। তবে ভয়ে আতঙ্কে হাজার হাজার মানুষ অন্যত্র চলে গেছে।
এর আগে গত ২৫ এপ্রিল দেশটিতে ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৮ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়।