থাইল্যান্ডের সঙ্গে মালয়েশিয়ার সীমান্তে বহু গণকবরের সন্ধান পাওয়ার পর মানব পাচারকারীদের সঙ্গে বনবিভাগসহ ওই এলাকার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখছে মালয়েশিয়ার পুলিশ।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, স্থানীয়দের পাশাপাশি থাইল্যান্ড, বাংলাদেশ ও মিয়ানমারের পাচারকারীদের সঙ্গেও মালয়েশিয়ার এসব কর্মকর্তাদের যোগাযোগ থাকতে পারে।
এছাড়া সীমান্তে পাওয়া গণকবর, হত্যা অথবা অবৈধ অভিবাসীদের প্রবেশের বিষয়টি পুলিশ তদন্ত করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে, হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, সাগর থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের সঙ্গে মানবপাচারকারীরা অমানবিক, প্রতারণা ও নির্মম আচরণ করেছে।
এদিকে, সংশ্লিষ্ট দেশগুলোর সমন্বিত সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গা অভিবাসী সংকট নিরসন হবে বলে আশা প্রকাশ করেছেন থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। আগামী ২৯ মে আঞ্চলিক বৈঠকেরও ডাক দিয়েছে দেশটি।